প্রিন্ট এর তারিখঃ Jul 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 25, 2026 ইং
যশোরের পরিচিত সংগঠক ফজলে রাব্বি মোপাশা আর নেই

মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি।।
যশোরের পরিচিত ব্যবসায়ী, সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব ফজলে রাব্বি মোপাশা (৬৩) মারা গেছেন। বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।পারিবারিক সূত্র জানায়, গত মঙ্গলবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিরপুরে হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবারের সদস্যরা জানান, বুধবার রাতে ঢাকার সোবহানবাগ জামে মসজিদ এলাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ যশোরে আনা হয়। বৃহস্পতিবার বাদ জোহর যশোর শহরের চৌরাস্তা জামে মসজিদের সামনে দ্বিতীয় জানাজা শেষে কারবালা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।ফজলে রাব্বি মোপাশা যশোরের ব্যবসায়ী ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। তিনি যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।শিক্ষাজীবনে তিনি ১৯৮২ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে কলেজটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক অঙ্গনেও তিনি সক্রিয় ছিলেন। তিনি জেলা বিএনপির সাবেক প্রকাশনাবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাবা ফজলুল বারি যশোরের সুপরিচিত পূর্বাচল প্রেসের স্বত্বাধিকারী ছিলেন।ফজলে রাব্বি মোপাশার মৃত্যুতে যশোরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ আজকের যায় যায় বেলা